রেমিটেন্সের সমপরিমাণ অর্থ নিয়ে যাচ্ছে বিদেশি টেকনিক্যাল বিশেষজ্ঞরা

১০ নভেম্বর, ২০১৯ ১৪:৩৬  
আমাদের প্রায় এক কোটি লোক বিদেশ থেকে যে পরিমাণ রেমিটেন্স আয় করে প্রায় ৩৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ সেই সমপরিমাণ টাকা আবার বিদেশে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। শনিবার (৯ নভেম্বর) যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানন। বিকেলে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে ইনভেস্টরস্ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আহসান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মুনসুর আলী, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, নির্বাহী সদস্য আনিকা হাসান প্রমুখ। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ক্যাফেটেরিয়া মিলনায়তনে আয়োজিত প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, দেশের নতুন উদ্যোক্তারাই আইসিটিতে বিপ্লব ঘটাবে। চাকরি খোঁজার চেয়ে চাকরি দেওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে অধিকাংশ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথি আরা বলেন, ‘মাস খানেক আগে এই পার্কে আমি এসেছিলাম। ওই সময় ১ ঘণ্টার মতো কিছু কোম্পানি এবং স্টল পরিদর্শন করেছিলাম। আমার কাছে মনে হয়েছে এখানে কিছু সংকট আছে। যেভাবে এটি হওয়া উচিত ছিল সুযোগ সুবিধা বা তরুণ উদ্যোক্তাদের যে ভাবে সহযোগিতা করা উচিত ছিল সেভাবে বোধ হয় করা হয়নি। সে সময় অনেকেই আমার কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত উপাচার্য আনোয়ার হোসেনের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনা সফটওয়্যার পার্ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যদি সমন্বয় করে চলে সেক্ষেত্রে আমরা আরও লাভবান হবো। প্রযুক্তি ব্যবহার এবং এ ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরি করার যে সমস্ত ঘাটতি আমাদের আছে এগুলো আমাদের আমলে নিতে হবে। এখনো পর্যন্ত ৩৫ হাজার বিদেশি বাংলাদেশে বিভিন্ন টেকনিক্যাল কাজ করছে। তিনি আরো বলেছেন, একটি তথ্যে জানা যায়; আমাদের প্রায় এক কোটি লোক বিদেশ থেকে যে পরিমাণ রেমিটেন্স আয় করে প্রায় ৩৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ সেই সমপরিমাণ টাকা আবার বিদেশে নিয়ে যাচ্ছে। অথচ আমাদের এই তরুণ সমাজ অনেক কিছু আবিস্কার করেছে। কাজেই আমাদের এখন চিহ্নিত করবে হবে কোন কোন ক্ষেত্রে আমাদের ত্রুটি আছে এবং সে যায়গা থেকে বিদেশি বিশেষজ্ঞরা এসে এই সুযোগটি নিয়ে যাচ্ছে। তাই আমাদের বড় শক্তি মানবসম্পদকে দেশিয় মানুষ দিয়ে প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন মানুষ তৈরি করতে হবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন বলেন, দেশে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হলে অবশ্যই প্রযুক্তি নির্ভর হতে হবে। এজন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি করা নয়, চাকরি দেওয়ার প্রত্যয়ে শিক্ষার্থীরা লেখা পড়া করছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে যে মানবসম্পদ তৈরি হয় তার অধিকাংশ চলে যায় দেশের বাইরে। এ কারণে দেশের চাহিদা অনুয়ায়ী লোকবল পাওয়া যায় না।